শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৩-০৬-২০২৩ ০৩:৩৬ অপরাহ্ন |
ফরিদগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে প্রায় লক্ষাধিক টাকার ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের এই ঘটনা ঘটে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানায়, রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের পত্তন আলী হাজী বাড়ির আব্দুল আউয়ালের সাথে পাশবর্তী প্রকৌশলী আজহারুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধ নিয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত তিন মাস পূর্বে স্থানীয়ভাবে মাপজরিপ পূর্বক সীমানা নির্ধারণ করা হয়। শালিসগণ আজহারুল ইসলামের কৃষি জমির উপর থাকা আব্দুল আউয়ালের গাছের ডালপালা কাটার নির্দেশনা প্রদান করে। শালিসদের নির্দেশনা মোতাবেক আব্দুল আউয়াল গাছের ডালপালা কেটে অপসারণ করে নেয়।
হঠাৎ করে শুক্রবার (২জুন) বিকেলে প্রতিপক্ষ আজহারুল ইসলাম লোকজন নিয়ে আব্দুল আউয়ালের ভূমির উপর থাকা ১০/১৫টি আম গাছ, জারুল, শিমুল গাছ ও কড়ই গাছ কেটে ফেলে। এসময় আ: আউয়ালের পরিবারের লোকজন গাছ কাটতে বাঁধা দিলে তারা সটকে পড়ে।
এব্যাপারে আব্দুল আউয়াল জানান, শুক্রবার বিকেলে থানার এক দারোগা এসে মাপজরিপের কাগজ দিয়ে যাওয়ার পরপরই আমার প্রতিপক্ষরা এসে লক্ষাধিক টাকার গাছ কেটে বিনষ্ট করে। আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
গাছ কাটার কথা স্বীকার করে আজহারুল ইসলাম বলেন, মাপজরিপের পর আমার প্রতিপক্ষকে গাছ কাটতে বলেছিলাম। কিন্তু তিনি তা না করায়, আমি লোকজন নিয়ে আমার সীমানার উপর থাকা গাছ কেটে ফেলেছি।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, ফারুক বেপারী, আ: কাদিরসহ লোকজন জানান, উভয় পক্ষের মধ্যে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু এভাবে জোরপূবর্ক ফলজ ও বনজ গাছ কাটা মোটেও ঠিক হয়নি। এতে দু’পক্ষের বিরোধ আরো বাড়বে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, গাছ কাটার খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি শান্ত করি। না হলে আরো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো।
ফরিদগঞ্জ থানার এস আই রুবেল ফরাজি জানান, মাপ জরিপের কাগজ( হাত নকশা) দিয়ে আমি চলে এসেছি। এরপর কি হয়েছে জানি না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন. গাছ কাটার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া