শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ১০-০৬-২০২৩ ০৭:১৫ অপরাহ্ন |
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন। সম্প্রতি তার মৃত্যুতে শূন্য হয়েছে আসনটি। এ আসনে ৩০ জুলাই উপ-নির্বাচনের দিনক্ষণ ঠিক করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদিও এর আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে শেষমেশ আফছারুল আমীনের উত্তরসূরি কে হচ্ছেন- তা জানতে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত।
সম্ভাব্য প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রামে আওয়ামী লীগের সংগঠক এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ বাহার ও প্রয়াত আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন ও ডা. আরিফুল আমীন এবং ছেলে ফয়সাল আমীনও মনোনয়ন চাইতে পারেন।
আফছারুল আমীনের ছোট ভাই ডা. আরিফুল আমীন বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে বসে একজনকে মনোনীত করে তার জন্য নৌকার মনোনয়ন চাইবেন। তবে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্য কাজ করবে তাদের পরিবার।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করে আসছি। তাই আমি দলের মনোনয়ন চাইবো। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে নির্বাচন করবো।
যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, আফছারুল আমীনের সাথে তিনি একত্রে জেল খেটেছেন। তার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে না পারার কথা উল্লেখ করে বলেন, রাজনীতিবিদের স্বপ্ন থাকে এমপি নির্বাচন করা। তিনিও চেষ্টা করবেন। তবে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, তারা এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি। তাই নির্বাচন নিয়ে এখনো মন্তব্য করতে চান না তিনি। তবে অতীতে নেত্রী যে দায়িত্ব দিয়েছেন তা সফলতার সাথে পালন করেছি। বর্তমানে ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন। ১৪ দলকেও চট্টগ্রামে জাগিয়ে তুলেছি।
প্রসঙ্গত, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হন ডা. আফছারুল আমীন (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর)। সেবার তিনি আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে দপ্তর বদলে তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের দায়িত্ব পান। ২০১৪ সাল এবং ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি আরও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে শুক্রবার (২ জুন) মৃত্যুবরণ করেন তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া