শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ২০-০৬-২০২৩ ১০:৫৮ অপরাহ্ন |
সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে কচুয়ার সাচারে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছে হাজারো ভক্তবৃন্দ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এ বছর সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের আয়োজনে ১৫৬ তম জগন্নাথ দেবের রথ টানার মধ্য দিয়ে (২০জুন) মঙ্গলবার সকাল এ উৎসব শুরু হয়। এ রথটি এশিয়া মহাদেশের দ্বিতীয় রথ উৎসব।
রথযাত্রা উৎসবে শামিল হয়েছে কচুয়ার তথা দেশ বিদেশের হাজারো হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ। সপ্তাহব্যাপী চলবে এ উৎসব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় ও গুরু পূজা, সকাল ৮টায় চৈতন্যচরিতামৃত পাঠ, সকাল ৯টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২টায় ভোগা আরতি, দুপুর ২টায় ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ, বিকাল ৫টায় জগন্নাথ মন্দিরের পশ্চিম প্রাঙ্গন থেকে রথ টেনে পূর্ব বাজারে আনা হয়। তাছাড়া রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলায় কুটির শিল্পের বিভিন্ন আসব্বপত্র, খেলনা, প্রসাধনি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রায় ৫ শত স্টল স্থান পায়।
বিশ্বশান্তি ও মঙ্গল কামনা অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথ যাত্রা আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও রথযাত্রার উদ্বোধন করেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,উপজেলা সহকারী কমশিনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি, রথ উদযাপন কমিটির সদস্যগন ও হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথ দেব শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি সাচার পূর্ব বাজারে গিয়ে শেষ হয়।
জগন্নাধ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সিনিয়র সহ-সভাপতি নিখিল দাস জানান, আমরা স্থানীয় এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও দেশ বিদেশের জগন্নাথ দেবের ভক্তবৃন্দের সহযোগীতায় জগন্নাথ দেবের গত বছর পুনঃনির্মিত ভবন নতুন রূপে প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকের প্রথম রথযাত্রায় হাজারো ভক্তদের সমাগম ঘটেছে। তাই এই বিশাল ভীড়কে শৃঙ্খলার মাঝে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশিপাশি আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে শতাধিক ভলেন্টিয়ার কাজ করেছে। আমরা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি।
রথ উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী ও সাধারণ সম্পাদক প্রদীপ গোপ বলেন, জমিদার গঙ্গা গোবিন্দ সেনের হাত ধরেই আমরা এই জগন্নাথ ধামের রথ যাত্রা উৎসব পালন করে আসছি। আজকে প্রথম রথে হাজারো ভক্তবৃন্দের সমাগমে জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করেছে। শান্তিপূর্ন ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকের রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ জুন মঙ্গলবার উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়েই এ রথযাত্রার সমাপ্তি ঘটবে।
কথিত আছে যে, প্রায় দেড়শত বছর পূর্বে সাচার বাবু বাড়ির জমিদার গঙ্গা গোবিন্দ সেন ভারতে হিন্দু তীর্থস্থান পুরীতে জগন্নাথ দর্শনে গেলে, জগন্নাথ গঙ্গা গোবিন্দকে দর্শন দেননি। বরং পুরীর দরজা-জানালাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। দর্শন লাভে ব্যর্থ হয়ে পরম ধার্মিক গঙ্গা গোবিন্দ সেন দর্শন লাভের আশায় পুরীর বাহিরে আমরন-অনশন শুরু করে দেয়। অনশনের কয়েকদিন অতিবাহিত হলে গঙ্গা গোবিন্দ সেন স্বপ্নাদৃষ্ট হন যে, এ স্থানে জগন্নাথ গঙ্গা গোবিন্দ সেনকে দর্শন না দিয়ে তার সাচারের বাড়ির সম্মুখের দীঘিতে ভাসমান নিম কাঠ আকৃতিতে দর্শন দিবেন। স্বপ্নাদৃষ্ট হয়ে গঙ্গা গোবিন্দ সেন নিজ বাড়ি ফিরে আসেন এবং ক’দিন পর উক্ত দীঘিতে স্নান করার সময় আকস্মিক ভাবে ভাসমান নিম কাঠ আকৃতিতে জগন্নাথ দর্শন লাভ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া