শিরোনামঃ
: ফরিদগঞ্জ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৬-১০-২০২৩ ০৮:০৩ অপরাহ্ন |
উদ্বোধনের বছর না ঘুরতেই বন্ধ হয়ে গেল চাঁদপুরের ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলাকে সংযোগকারী উটতলী ব্রিজের নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের ধিরগতির এবং অনিয়মের অভিযোগের কারণে কাজ বন্ধ করে দেয় এলজিইডি। ফলে বন্ধ হয়ে গেলে দুই উপজেলার লাখো মানুষের স্বপ্নের জানালা।
এলজিইডির সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ডাকাতিয়া নদীর উপর ১০৭ কোটি টাকা ব্যয়ে উটতলী ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
কিন্তু সেতুটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ উদ্বোধনের কয়েকমাস পর কাজ শুরু কলেও নির্মাণ কাজে শুরু থেকেই তাদের ধিরগতি ছিল। ব্রিজের উত্তর অংশ তথা হাজীগঞ্জ অংশে মাত্র কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ করে। অথচ ২০২৪ সালের ২২মে ব্রীজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল।
সরেজমিন গেলে স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম, আবু তাহের, লোকমান হোসেন, ছলেমানসহ বেশ কয়েকজন জানান, ব্রীজের কাজ কিছুদিন চলে, এরপর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। শুনেছি ব্রীজটি নির্মাণ করার সময় স্থানীয় লোকজনের যে সম্পত্তি ব্যবহার করতে হবে তা অধিগ্রহণ না করেই কাজ শুরু করে।
এমতাবস্থায় স্থানীয় সাইদুজ্জামান শিমুলসহ আরো ক’জন মামলা দায়ের করেন। স্থানীয় সংসদ সদস্যের তাগিদ এবং সাবেক সিনিয়র সচিবের তদারকির কারণে ব্রিজটি দ্রুত শেষ হবে এমনটা ভাবলেও আমাদের পোড়া কপাল, শুরু না হতেই কাজ বন্ধ হয়ে গেল।
স্থানীয় উটতলী খেয়াঘাটের খোকন মাঝিসহ কয়েকজন জানায়, ঠিকাদার কাজ বন্ধ করে তাদের রড সিমেন্ট এবং অন্যান্য কিছু সামগ্রী এখান থেকে নিয়ে গেছেন। নির্মাণ কাজের সাইটে গেলে কোনো শ্রমিক এবং দায়িত্বরত কাউকে পাওয়া যায় নি। এ সময় কাজের সাইটে ঠিকাদারের ক্রেণ, কয়েকটি রোলার, কয়েকটি ভেকু এবং কিছু পাথরসহ বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখা গেছে।
এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. আউয়াল মুঠোফোনে জানান, আমরা সেখান থেকে চলে এসেছি। এলজিইডি আমাদেরকে কাজ বন্ধ রাখতে বলেছে, তাই কাজ বন্ধ।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ জানান, কাজের ধিরগতি এবং ঠিকাদারের কিছু অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এরপর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান উচ্চ আদালতে রিট করেছে। আদালত ছয় মাসের জন্য স্থিতাবস্থা জারি করে। বস্তুত তাদেরকে দিয়ে আমরা কাজ করাতে চাচ্ছি না। মামলা নিষ্পত্তি হলেই আবার কাজ শুরু করা হবে।
চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির জানান, কাজের ধিরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ডাকাতিয়া নদীর দুই পাড়ের সেতুবন্ধন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দক্ষিণাঞ্চলের মানুষের সরাসরি যাতায়াতের সহজিকরণের জন্য লতিফগঞ্জ বাজার-পশ্চিম সুবিদপুর ইউনিয়ন (উটতলী) ভায়া গুহের বাজার সড়কে ডাকাতিয়া নদীর উপর ৫৫০মিটার এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজের জন্যে মোট নির্মাণ ব্যয় ধরা হয় ১০৭ কোটি টাকা। মূল সেতুর নির্মাণ কাজের জন্যে প্রাক্কলিত মূল্য ৬৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১শ’৯ টাকা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া