শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ০১-১১-২০২৩ ০৬:১৮ অপরাহ্ন |
বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলীর মডার্ণ ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি।
তিনি জানান, সকালে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল। উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় দাঁড় করালে বাসটি ঘুরিয়ে দেন অবরোধকারীরা। এরপর তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মডার্ণফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বেল্লাপাড়া ব্রীজের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া