শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ০৬-১১-২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গত এক সপ্তাহে ৫৪ হাজার ৬৫টি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ২শ টাকা। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।
তিনি জানান, গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করেন। ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি চলাচল শুরু হয় এই টানেলে।
প্রথম দিন রবিবার সকাল ৬টা থেকে টানা তিনদিন টানেলে গাড়ি চলাচলে হরতাল-অবরোধের প্রভাব পড়ে। এ কারণে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করতে পারেনি। এতে টোল আদায়ও কম হয়।
এরপরও ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সাত দিনে ৫৪ হাজার ৬৫টি গাড়ি টানেল দিয়ে চলাচল করেছে। এসময় টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮১ হাজার ২শ টাকা।
প্রকল্পের টোল ব্যবস্থাপক বলেন, সাত দিনের মধ্যে শুক্রবার (৩ নভেম্বর) সবচেয়ে বেশি গাড়ি পার হয়েছে টানেল দিয়ে। ওই দিন ১৪ হাজার ৭৯৮টি গাড়ি পার হয়েছে। এতে ৩৩ লাখ ৫২ হাজার ১শ টাকা টোল আদায় হয়েছে। যা পরিকল্পনার চেয়েও বেশি।
এছাড়া শনিবার (৪ নভেম্বর) সাত হাজার ১৯৬টি গাড়ি পার হয়। এতে টোল আদায় হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪শ টাকা।
টানেল পাড়ি দিতে প্রাইভেটকার ও পিকআপ ২শ, মাইক্রোবাস ২৫০, বাস (৩১ সিটের কম) ৩শ, বাস (৩২ সিটের বেশি) ৪০০, বাস (৩ এক্সেল) ৫শ, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪শ, ট্রাক (৫ দশমিক ১ থেকে ৮ টন) ৫শ, ট্রাক (৮ দশমিক ১ থেকে ১১ টন) ৬শ, ট্রাক ও ট্রেইলার (৩ এক্সেল) ৮শ, ট্রাক ও ট্রেইলার (৪ এক্সেল) ১ হাজার টাকা টোল দিতে হয়।
শুরুতে টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ৪৪৬ দশমিক ৬৪ কোটি টাকা। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটি টাকায় দাঁড়ায়। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ সুদে ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা দিচ্ছে। বাকি টাকা দেয় বাংলাদেশ সরকার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া