শিরোনামঃ
নিউজ এডিটর ০১-১২-২০২৩ ০৮:০৩ অপরাহ্ন |
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেশের সব থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠানো বাংলাদেশ নির্বাচন কমিশনের অতি জরুরি এক চিঠিতে এ খবর জানা গেছে।
ইসির উপ সচিব মিজানুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব থানার ওসিদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
যেসব থানায় ওসিদের ছয় মাসের বেশি চাকরির সময় পার হয়েছে তাদের অন্যত্র বদলির প্রস্তাব পাঁচ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।
একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে অনুলিপি পাঠানো হয়েছে।
১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেদিন জানানো হয়, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি। প্রায় ৪২ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ৬২ হাজার বুথে ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পর আন্দোৎসবে স্বাগত জানায় ক্ষমতাসীনরা। ওই দিনই তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি। তাদের দাবি, দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা তামাশা মাত্র।
তবে ইসি জানায়, বিএনপির যদি ভোটের আসার ইচ্ছে থাকে, তবে তাদের সুবিধার্থে এখনও তফসিল পরিবর্তনের সুযোগ আছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া