শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১০-১২-২০২৩ ০১:৪৪ অপরাহ্ন |
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
মানববন্ধন উপলক্ষ্যে পল্টন থেকে প্রেস ক্লাব মোড় পর্যন্ত রয়েছে বিএনপি নেতাকর্মীদের জমায়েত। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে স্লোগান দিচ্ছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের দাবিই তাদের স্লোগানের মূল কথা।
মানববন্ধনে যোগ দিতে আসা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ইত্যাদি।
মানববন্ধন উপলক্ষ্যে পল্টন মোড়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। ইতোমধ্যে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জলকামান ও এপিসিও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত আছেন।
এদিকে, বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে মানববন্ধন পালন করেছে ১২ দলীয় জোট।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে তারা। এ অবস্থায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এসব দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া