শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২১-১২-২০২৩ ১০:২৩ অপরাহ্ন |
চাঁদপুরের মাটিতে রঙিন বাঁধাকপি চাষের অপার সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস নিশ্চিত করেছে। চলতি মৌসুমে মাত্র ১০ গ্রাম বীজে কমপক্ষে ১২শ চারা পেয়েছে এক কৃষক। তবে বীজের দাম সহনীয় রাখা হলে আর সহজলভ্য হলে অন্যরা রঙিন বাঁধা কপি চাষে আগ্রহী হবে বলে মনে করছেন কৃষকরা। রঙিন বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং খনিজ পদার্থ, যা অন্যান্য কপির তুলনায় পুষ্টিগুণে সমৃদ্ধ রঙিন বাঁধাকপি।
সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের চাষি আব্দুর রহমান ৬ শতক জমিতে ১০ গ্রাম রঙিন বাঁধাকপির বীজ বপন করেন। ৭০-৭৫ দিনে কপিগুলো পরিপক্ব হয়ে বিক্রয়ের উপযোগী হয়। এ জাতের কপি দেখতে সুন্দর। হালকা মিষ্টি। সালাদ হিসেবেও খাওয়ার উপযোগী। পুষ্টিমানও অধিক। সবুজ বাঁধাকপির স্বাভাবিক যত্নে ফলন বেশ হয়। এটি স্বাভাবিক পরিবেশে কয়েকদিন সংরক্ষণ করা যায়। বাজারে ক্রেতার কাছে রঙিন বাঁধাকপির চাহিদা অনেক বেশি। তাই উৎসুক লোকজন সাধারণ কপির চেয়ে কয়েক গুণ বেশি দরে রঙিন জাতের কপি কিনতে আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষকরাও এ জাতের কপি চাষাবাদে আগ্রহ প্রকাশ করছেন।
চাষি আব্দুর রহমান জানান, বৃষ্টি না হলে রঙিন কপি চাষে আমি শতভাগ সফলতা পেতাম। বীজের নাম আরেকটু কম হলে ভালো হতো। কৃষি অফিসারের মাধ্যমে ৬৫০ টাকা দিয়ে কুমিল্লা থেকে ১০ গ্রাম রঙিন বাঁধাকপির বীজ এনেছি। তাই প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ করেছি। বোঝা গেল ফলন বেশ ভালো হয়েছে। বাজারে প্রতিটি কপি ৫০-৬০ টাকা দরে পাবো বলে আশা করছি। যা সাধারণ কপির চেয়ে প্রায় দ্বিগুণ। লোকজন রঙিন জাতের কপি কিনতে বেশ আগ্রহী। অল্প টাকা খরচ করে আমি বেশ লাভ পাবো বলে আশা করছি। আগামীতে আরও বেশি জমিতে এ জাতের কপির চাষ করবো।
বাকিলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ পরান বলেন, উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। প্রথমবার চাষ করেই সফলতা পাওয়া যাচ্ছে। আমরা ১০ গ্রাম বীজে প্রায় ১২শ চারা পেয়েছি। এর মধ্যে ২শ চারা বিক্রি করার পরে বাকিগুলো জমিতে রয়েছে। চলতি মৌসুমে প্রথম দিকের বৃষ্টি না হলে অসম্ভব রকম ফলন আসতো। বৃষ্টির পরে জমিতে যে পরিমাণ বাঁধাকপি রয়েছে, আশা করি কৃষক তা বিক্রিতে কয়েক গুণ বেশি লাভবান হবে।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, ঘূর্ণিঝড় মিধিলি ও মিগজাউমের আঘাতে ভেঙে না পড়ে রঙিন বাঁধাকপি চাষ করে সাড়া ফেলেছেন কৃষক আব্দুর রহমান। ঝুঁকি নিয়ে আমাদের উপর ভরসা রেখে কৃষিপণ্য উৎপাদনে এই কৃষক এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্নবাজ কৃষিজীবীদের অনুপ্রাণিত করার জন্যই কৃষি বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। আমাদের বিশ্বাস ওনাদের হাতেই সমৃদ্ধ হবে হাজীগঞ্জের সবুজ শ্যামল কৃষিখাত।
তিনি আরো জানান, স্বাভাবিকভাবে আবহাওয়া ঠিক থাকলে প্রাথমিকভাবে রঙিন বাঁধাকপি উৎপাদনে সফলতা দেখতে পাচ্ছি। রঙিন বাঁধাকপি পুষ্টিগুণ সমৃদ্ধ, লাভ বেশি, বিক্রি বেশি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া