লাইনে দাঁড়িয়ে স্ত্রীকে নিয়ে ভোট দিলেন নওফেল
২০ মে, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

লাইনে দাঁড়িয়ে স্ত্রীকে নিয়ে ভোট দিলেন নওফেল

চট্টগ্রাম ব্যুরো:
০৭-০১-২০২৪ ০৬:৪৩ অপরাহ্ন
লাইনে দাঁড়িয়ে স্ত্রীকে নিয়ে ভোট দিলেন নওফেল

ভোট শুরুর প্রায় এক ঘণ্টা পর কেন্দ্রে এসে সাধারণ ভোটারদের পেছনে সারিতে দাঁড়ান নওফেল ও তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টন। সারি ধরে এগিয়েই উভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সঙ্গে ছিলেন স্ত্রী এমা ক্লেয়ার বার্টন ও ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

এ সময় দেখা যায়, ভোটকেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই নওফেল ও তার স্ত্রীকে ভোটারের সারির পাশ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহরলাল হাজারী। কিন্তু নওফেল ও তার স্ত্রী সামনে না গিয়ে প্রায় ৩০-৩৫ জন ভোটারের পেছনে সারিতে দাঁড়ান। ১০ মিনিটের মতো সারিতে দাঁড়িয়ে এরপর দুজন ভোটকেন্দ্রে ঢোকেন।

ভোট দিয়ে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়ায় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘এবারের নির্বাচন সত্তরের নির্বাচনের মতো হচ্ছে। সেই নির্বাচনে যেভাবে বাঙালী জাতি জাতির জনককে জনরায় দিয়েছিল, সে ধরনের উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা এবার মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যে রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশ বিরোধী, তারা এবারের নির্বাচন বর্জন করছে। ২০১৪ সালেও তারা বর্জন করেছিল, এবারও করছে।’

‘তবে ২০১৪ সালে তারা জ্বালাও-পোড়াও করে মানুষকে ভয় লাগাতে পেরেছিল। এবার কিন্তু তারা মানুষকে ঘরে রাখতে পারেনি। মানুষ বাঁধভাঙ্গা জোয়ারের মতো ভোটকেন্দ্রে আসছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়েছে।’

নওফেল সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে নির্ভয়ে, নিঃসঙ্কোচে সবাই ভোট দিতে আসুন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এসেছি, আপনারাও আসুন। সবাই মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী এবং পরিবারের প্রাপ্তবয়স্ক যারা আছেন সবাই ভোটকেন্দ্রে আসুন এবং গণতন্ত্রের উৎসবে শরিক হোন।’

বিদেশি শক্তি পেছনে না থাকলে বিএনপি বিলিন হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে নাশকতার চেষ্টা কিছু কিছু জায়গায় হয়েছে। তবে এগুলো নস্যাৎ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি আবার শুরু করেছে। তাদের যেসব নেতা এর সঙ্গে জড়িত তাদের অনেকেই স্বীকার করেছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, যারা সন্ত্রাসী কাজ করে তাদের কি আপনারা আপনাদের দেশে রাজনীতি করতে দেবেন ?’

‘আমাদের দেশ এখনও এতটুকু সহনশীল যে, সন্ত্রাস করেও, মানুষ পুড়িয়েও তারা এখনও এদেশে রাজনীতি করছে শুধুমাত্র কিছু বিদেশি শক্তির উসকানির কারণে। এ শক্তি যদি তাদের পেছনে না থাকে তাহলে তারা বিলিন হয়ে যাবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হবে এবং মানুষ পোড়ানোর রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে।’

নওফেলের স্ত্রী ইংল্যান্ডের বংশোদ্ভূত এমা ক্লেয়ার বার্টন এবার প্রথম ভোট দিয়েছেন। বিদেশিনি এমা ভোটকেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে অনেকে তাকে ঘিরে ধরেন, কেউ সেলফি তোলেন, নারীদের কয়েকজন এগিয়ে জড়িয়ে ধরেন। নওফেল বলেন, এক দশক আগে বিয়ে হলেও এমা সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন।


চট্টগ্রাম ব্যুরো: ০৭-০১-২০২৪ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া