চাঁদপুর-৩ : হাইমচরে ডা. দীপু মনির জয়লাভ
২০ মে, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-৩ : হাইমচরে ডা. দীপু মনির জয়লাভ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৮-০১-২০২৪ ০৪:৫৮ পূর্বাহ্ন
চাঁদপুর-৩ : হাইমচরে ডা. দীপু মনির জয়লাভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা: দীপু মনি ১৯৭৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৭১৯ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী আবু জাফর মোঃ মাঈনুদ্দিন পেয়েছেন ৬৮ ভোট। জাকেরপার্টি মনোনীত গোলাপ ফুল মার্কার প্রার্থী মোঃ কাওছার মোল্লা পেয়েছেন ১২৯ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মহসীন খান পেয়েছেন ৮০ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশন নির্বাচন বর্জন করলেও এজেন্ট থাকায় ফুলের মালা মার্কার প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৩৩ ভোট। স্বতন্ত্রপ্রার্থী ট্রাক মার্কার প্রার্থী মোঃ রেদওয়ান খাঁন ১২১ ভোট।

হাইমচর উপজেলায় ৩২টি ভোট কেন্দ্রে প্রাপ্ত মোট বৈধ ভোটের সংখ্যা: ২৩৮৮৭টি। বাতিলকৃত ভোটের সংখ্যা: ৪৭৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ২৪৩৬১। হাইমচর উপজেলার ৩২টি ভোট কেন্দ্রের সবগুলোতে যথা সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ করে ভোট গননা শুরু হয়। এরমধ্যে ৬১ নং উত্তর আলগী রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অপরাধে প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম চঞ্চলকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নূরে আলমকে ভারপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দিয়ে নির্বাচন চালিয়ে নেওয়া হয়।

সরেজমিনে গিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সময়ে উপজেলার কোনো কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি বা লাইন দেখা যায় নি। কোনো কোনো কেন্দ্রে ৫% বা ৭% ভোট কাস্ট হয়েছে। অধিকাংশ কেন্দ্রই ছিল ভোটার শূন্য। স্ব স্ব প্রার্থীর কর্মীগন বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে দেখা গিয়েছে। ভোটাররা জানান, তাদের পছন্দের মার্কা বা প্রার্থী কোনোটাই নেই এ নির্বাচনে। তাই তারা ভোট কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তাদের ভাষ্য একান্তই যারা আওয়ামী পরিবারের ভোটার তারাই দলীয় সরকারের অধিনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাচ্ছে।

উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী জানান, আমার ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। উৎসব মূখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে হয়। ভোটাররা আনন্দে ভোট কেন্দ্রে আসছেন, এবং নির্বিঘ্নে নির্ভয়ে তাদের পছন্দের মার্কা ও প্রার্থীকে ভোট দিয়ে ফিরে যাচ্ছেন।

আওয়ামী লীগ নেতা এস এম কবির জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ওয়ার্ডের ভোটারগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে, কেন্দ্রে কোনো প্রকার হইচই বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কেউ নেই। আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্র থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে ভোটারদের উৎসাহ উদ্দীপনা দিয়ে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর ৩ আসন হাইমচর উপজেলায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ৩২টি ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলরত ছিলেন।

ভোট কেন্দ্রে সারাদিন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনীর তৎপরতা দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে চলমান থাকাকালীন অবস্থায় বেলা ১২ টার দিকে কেন্দ্রনং ১৩৯, ৬১নং উত্তর আলগী রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণে অনিয়ম হওয়ায় উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার (মোঃ আমিনুল ইসলাম) কে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা তাকে বহিষ্কার করে ১নং সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব প্রদান করা হয় বলে জানান গেছে।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৮-০১-২০২৪ ০৪:৫৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া