শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০২-২০২৪ ১১:১০ পূর্বাহ্ন |
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) প্রতিষ্ঠার তিন বছরে বড় ধরনের ১১টি অনিয়মের অভিযোগ উঠেছে। দেশের উচ্চশিক্ষার তদারক প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাজেট পর্যালোচনায় উচ্চশিক্ষালয়টির এসব অনিয়ম ধরা পড়েছে। নিয়োগ ও বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে অনিয়ম, রাজস্ব ক্ষতি, স্থায়ী সম্পদের রেজিস্ট্রার সংরক্ষণ না করা, বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রয়োজনীয় সংশ্লিষ্ট কমিটি গঠন না করাসহ মোটাদাগে এসব অনিয়মের বিষয়গুলো সামনে এসেছে।
কমিশনের একটি দল ২০২১ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত ও ২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেট পরীক্ষাকালে এসব আর্থিক অনিয়ম পায়। এর পরিপ্রেক্ষিতে চাঁবিপ্রবিকে এসব নিয়মবহির্ভূত অবস্থান থেকে উত্তরণে বিষদ পরামর্শও দিয়েছে। যদিও এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। তিনি এ দায়িত্ব পাওয়ার আগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সেন্টারের পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব কোনো স্থায়ী ক্যাম্পাস না থাকায় চাঁদপুর শহর থেকে তিন কিলোমিটার দূরে ওয়াপদা গেট সংলগ্ন খলিশাডুলীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে পাঠদান চলছে। সেখানে পাঁচ তলা বাড়ি ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছেন সরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরইমধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০, ‘বি’ ইউনিটে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ৩০ এবং ‘সি’ ইউনিটে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৩০ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থী রয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, কমিশনের বাজেট পর্যালোচনা দল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের সংশোধিত এবং ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেট পরীক্ষাকালীন সময় আর্থিক নানা অনিয়ম পরিলক্ষণ করেছে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ ও বেতন প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়মের ব্যত্যয়, ক্রয় সংক্রান্ত ভাউচারে সংশ্লিষ্টদের স্বাক্ষর না নেয়া, ভ্যাট ও আয়কর কর্তন করা হলেও বিলে তা প্রদর্শন না করা এবং সঠিকভাবে হিসেব সংরক্ষণ না করার বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে কমিশনের পর্যালোচনায়।
সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া