পরীক্ষাকেন্দ্রে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ, শিক্ষকের কারাদণ্ড
১১ জুন, ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন

  

পরীক্ষাকেন্দ্রে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ, শিক্ষকের কারাদণ্ড

নিউজ এডিটর
০৩-০৩-২০২৪ ০৬:৪২ অপরাহ্ন
পরীক্ষাকেন্দ্রে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ, শিক্ষকের কারাদণ্ড
চাঁদপুরের শাহরাস্তিতে পরীক্ষাকেন্দ্রের প্রিন্টার দিয়ে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহের দায়ে এক মাদ্রাসাশিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার পৌর এলাকার শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক মো. ছায়েদুল ইসলাম (৫৩) রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

ইউএনও ও পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টরা জানান, দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সরকারী গাড়ি দূরে রেখে হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন। এসময় কেন্দ্রের ভেতরে অবস্থানরত অফিস সহকারী, আয়া এবং কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন। এতে ইউএনও কেন্দ্রে অনিয়ম ও নকলের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণীকক্ষ এবং শিক্ষার্থীদের দেহতল্লাশি করেন।

ইউএনও জানান, তল্লাশিতে শ্রেণীকক্ষের বাইরে ও পরীক্ষাকেন্দ্রের বাউন্ডারির মধ্যে অসংখ্য হাতে লিখে সমাধান করা প্রশ্নের উত্তর পাওয়া যায়। ইউএনওর উপস্থিতি টের পেয়ে শিক্ষকদের ইঙ্গিতে পরীক্ষার্থীরা নকল জানালা দিয়ে শ্রেণীকক্ষের বাইরে ফেলে দিয়েছিল। হাতে লিখে সমাধান করা ফটোকপি করা এসব নকল দেখে কেন্দ্রে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের প্রিন্টারে ২৫-৩০ কপি হাতে লিখা নকলের প্রিন্ট বের করেছেন। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাসায় তিনি মোবাইল ফোন রেখে এসেছেন।

এসময় তার নম্বরে উপজেলা নির্বাহী অফিসার কল দিলে পাশের ব্যাগের মধ্যে মোবাইল ফোনটি বেজে ওঠে। অধ্যক্ষ ছায়েদুলকে মোবাইল ফোনের লকটি খুলতে বললে তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে কিছু একটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করেন। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের মধ্যে শ্রেণীকক্ষের বাইরে উদ্ধারকৃত হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়।

এরপর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।

ইউএনও মো. ইয়াসির আরাফাত জানান, দোষ স্বীকার করায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯(ক) ধারা মোতাবেক মো. ছায়েদুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


নিউজ এডিটর ০৩-০৩-২০২৪ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া