শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০৩-২০২৪ ০৭:১২ অপরাহ্ন |
ফরিদগঞ্জে এক অসহায়ের বাড়িতে শিশু সন্তানদের হত্যার ভয় দেখিয়ে গৃহবধূর গলায় অস্ত্র ঠেঁকিয়ে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার (২০ মার্চ ) গভীররাতে পৌর এলাকার মিরপুর গ্রামের আব্দুল মালেক মিজির বসতঘরে এই ডাকাতি হয়। ডাকাতদের এই দলে বোরকা পরা নারীরাও ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক আব্দুল মালেক মিজি ঢাকাতে কেয়ার টেকারের চাকুরীর সুবাদে বাড়িতে থাকেন না। সন্তানদের নিয়ে স্ত্রী বাড়িতে থাকেন। পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে বোরকা পরা নারী ও পুরুষসহ ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আব্দুল মালেকের স্ত্রী ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদেও হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, রাত ২ টার দিকে হঠাৎ ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা টিপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ধরে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে ইস্টিলের আলমিরার চাবি নেয় তারা। ডাকাতরা তার ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমার স্বামী দারোয়ানের চাকুরী করে অল্প টাকা বেতন পায়, আমার সন্তানদের লেখাপড়া ও পারিবারিক খরচ চালাতে আমাদের হিমশিম খেতে হয়। কি বুঝে আমরা অসহায়ের ঘরে ডাকাতরা ডাকাতি করতে আসলো, তা আমরা জানিনা। তবে আমি চাই প্রশাসন ডাকাতদের ধরে শাস্তির ব্যবস্থা করুক।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া