ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব
২৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২১-০৪-২০২৪ ০৯:৫২ অপরাহ্ন
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

ফরিদগঞ্জে ফিল্মি স্টাইলে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনায় মো. সোহেল ও প্রবাসফেরত মো.মোজাম্মেল হোসেন নামে দুই ব্যক্তিকে নির্যাতন করা হয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়ক বন্ধ করে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ জন সদস্য মিলে ভুক্তভোগীদের বেধড়ক মারধর করে। এ সময় ঘটনাস্থলে সড়কে প্রায় এক ঘণ্টা যানজট সৃষ্টি হয়। সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দেখে উপস্থিত স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে কিশোর গ্যাংদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। শনিবার (২০ এপ্রিল) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামের খাসের বাড়ি ও স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।


সরেজমিন ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. সোহেল (৩১) ও মো. সেলিমের ছেলে মো. পারভেজ হোসেন বাবু (২৭) একই বাড়ির বাসিন্দা। একজনের বসতঘর আড়াল করে আরেক জনের বসত থাকা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পূর্বের এ তুচ্ছ বিরোধের জেরে ঘটনারদিন সন্ধ্যার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে মো. পারভেজ হোসেন বাবুর পক্ষে মোটর ফিল্মি স্টাইলে মোটর সাইকেল’র একটি বহর নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একদল কিশোর ঘটনাস্থলে প্রবেশ করে। পরে মোটর সাইকেলের মহড়া দিয়ে ভুক্তভোগী মো.সোহেলকে নিজ বসতবাড়ি থেকে তুলে নিয়ে ফরিদগঞ্জ-রূপসা সড়কের পাশে আবদুল মান্নানের দোকানের সামনে এনে বেধড়ক মারধর করতে থাকে মো. পারভেজ হোসেন বাবুর পক্ষে আসা কিশোর অপরাধী ওই চক্রটি। বিষয়টি দেখে প্রত্যক্ষদর্শী মো. মোজাম্মেল হোসেন বাঁধা দিলে তাঁকেও মারধর করে কিশোর অপরাধী ওই চক্রটি। প্রায় ঘন্টাব্যাপী ফিল্মি স্টাইলে প্রকাশ্যে এমন অপরাধ সংগঠিত হয়। পরে স্থানীয় জনতা কিশোর অপরাধীদের প্রতিরোধের চেষ্টা করলে ৩টি মোটর সাইকেল ঘটনাস্থলে রেখেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।


ঘটনাস্থল পড়ে থাকা ৩টি মোটর সাইকেল উদ্ধার করে ইকবাল হোসেন মিটু নামে এক ব্যক্তির হেফাজতে রাখে স্থানীয়রা।

কিশোর সন্ত্রাসীদের ব্যবহারকারী মো. পারভেজ হোসেন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।


বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী মো.মোজাম্মেল হোসেন বলেন, প্রকাশ্যে একটি ছেলেকে বাড়ি থেকে তুলে এনে দোকানের সামনে পেটাচ্ছে একদল সন্ত্রাসী আমি দেখে সহ্য করতে না পেরে তাদের বাঁধা প্রদান করে। এসময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকেও মেরেছে। আমরা সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনার উচিত বিচার চাই।


স্থানীয়বাসিন্দা আহচান হাবিব মামুন বলেন, প্রকাশ্যে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে অন্য গ্রাম থেকে কিশোর অপরাধীরা এসে আমাদের গ্রামে নিরিহ পরিবারের ওপর হামলা করেছে। বিষয়টি সমাজের জন্য অশনি সংকেত। আমাদের গ্রামে আর কখনো এভাবে সন্ত্রাসী কর্মকান্ড হয়নি। আমি চাই, সংশ্লিষ্ট প্রশাসন অপরাধীদের কঠোর হস্তে দমন করুক।


বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, সমাজে কিশোর অপরাধীদের এমন তান্ডব দেখার জন্য নয়। যারা কিশোর অপরাধীদের ব্যবহার করছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে সকলের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাটগড়ায় দাঁড় করান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রুবেল ফরায়েজী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে ৩ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০৪-২০২৪ ০৯:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 183 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া