শিরোনামঃ
নিউজ এডিটর ১৩-১১-২০২৪ ০৭:০৩ অপরাহ্ন |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে প্রফেসর ড. এম. মেসবাহ উদ্দিন সরকারের নাম প্রস্তাব করে বিতর্ক সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। অভিযোগ উঠেছে, ইউএনও প্রফেসর ড. মেসবাহ উদ্দিন সরকারকে কলেজের ভুয়া প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই প্রস্তাব পাঠিয়েছেন।
সরেজমিনে কলেজে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত দাস, কলেজের শিক্ষক ও ইউএনও একি মিত্র চাকমার সঙ্গে কথা বলে অভিযোগের নানা দিক জানা গেছে। অভিযোগ রয়েছে, ইউএনও প্রস্তাবনা পাঠানোর আগে কলেজের সদস্য সচিব বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কোনো পরামর্শ না নিয়ে তার ইচ্ছেমতো সিদ্ধান্ত নেন। এমনকি কলেজের নিজস্ব ই-মেইলের পাসওয়ার্ড জোরপূর্বক নিয়ে খালি ফরমে স্বাক্ষরও আদায় করেছেন।
গত ৪ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত দাস। তার অভিযোগে বলা হয়েছে, ইউএনও কলেজের সুষ্ঠু পরিচালনার জন্য যে ফরম সদস্য সচিবের কাছে জমা দেন, তা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়নি। বরং ইউএনও নিজেই কলেজের ই-মেইল আইডি ব্যবহার করে প্রফেসর ড. এম. মেসবাহ উদ্দিন সরকারের নাম প্রস্তাব করেন, যেটি ৩ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন হয়ে আসে।
এদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত দাস অভিযোগ করেন, প্রফেসর ড. এম. মেসবাহ উদ্দিন সরকার এক সময় আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী ব্যক্তি হিসেবে দাবি করেছেন। এ ধরনের একজন বিতর্কিত ব্যক্তিকে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দেখানোকে স্বীকৃতি দেয়ার কোনো যুক্তি ছিল না।
কলেজের অন্যান্য শিক্ষকরা জানান, এই কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, তার বাইরে অন্য কেউ প্রতিষ্ঠাতা সদস্য নয়। এমনকি কলেজের নথিপত্রেও কোনো ভিত্তি নেই প্রফেসর ড. মেসবাহ উদ্দিন সরকারকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উল্লেখ করার।
ইউএনও একি মিত্র চাকমা অবশ্য দাবি করেছেন, তিনি প্রস্তাবনার প্রেরণের সময় গোপনীয়তা রক্ষা করেছেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সদস্য সচিবের পরামর্শ না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রফেসর ড. মেসবাহ উদ্দিন সরকারের নাম দেওয়া সঠিক নয়—এমনটি তিনি জানতেন না এবং সেই কারণে তিনি সংশোধনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রফেসর ড. মেসবাহ উদ্দিন সরকার নিজেও জানিয়েছেন, তিনি সুজাতপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নন। তবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তার সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সঙ্গে।
এ ঘটনায় কলেজের শিক্ষক ও প্রশাসনের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজের সুষ্ঠু পরিচালনার জন্য বিতর্কিত ব্যক্তি প্রস্তাবনা থেকে বাদ পড়ে অন্য ব্যক্তির নাম প্রস্তাব করার দাবি জানিয়েছে তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া