শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০২-০১-২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন |
সম্প্রতি জেলার হাইমচর উপজেলার কাটাখালি, সদরের হরিণা ফেরিঘাট এলাকার নৌযান শ্রমিক, মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।
বরিশাল হিজলা উপজেলার নৌযান মালিক কুদ্দুছ বেপারী। তিনি গত ২০বছর এই ব্যবসায় জড়িত। তার ৫টি স্টিল বডি পন্যবাহী ট্রলার আছে। তিনি বলেন, হিজলা থেকে চাঁদপুরের হাইমচর, কাটখালি, আলু বাজার এলাকায় আমার পন্যবাহী ট্রলারগুলো চলাচল করে। এসব এলাকার মধ্যে আলু বাজার এলাকায় বেশিরভাগ চাঁদা দিতে হয়। নদীতে যারা চাঁদাবাজি করে তাদের বয়স ১৮-২০ বছর। তারা আমাদের ট্রলারের শ্রমিকদের কাছ থেকে যখন যা পায় তা নিয়ে যায়। চাঁদার পরিমান কমপক্ষে ২ হাজার টাকা।
তিনি আরো বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিসের চাঁদা। তারা বলে আমরা এই এলাকা নদী পাহারা দিয়ে রাখি। এছাড়াও গত বছর আলু বাজার এলাকায় আমার একটি ট্রলারি ডাকাতি হয়েছে। ওই সময় ট্রলারে থাকা একটি নতুন ইঞ্জিনসহ প্রায় ১লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় এবং ট্রলারে থাকা শ্রমিকদের কুপিয়ে আহত করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে তারা এখন সুস্থ।
হিজলা এলাকার ট্রলারের শ্রমিক সাইদুল ইসলাম বলেন, চাঁদাবাজরা টাকা না পেলে আমাদেরকে মারধার করে। নৌ পুলিশ ও কোস্টগার্ড টহলে থাকলে ভালোভাবে চলাচল করা যায়। আর যখনই এলাকা নিরিবিলি থাকে, তখনই চাঁদাবাজরা আসে।
হাইমচর কাটাখালি লঞ্চঘাট এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, আমাদের এই অঞ্চলে পন্যবাহী ট্রলার আসে বরিশাল থেকে। বরিশাল থেকে চাঁদপুরে আসার পথে মাঝেরচর ও হিজলা এলাকায় অনেক সময় জেলেরা জাহাজ ও ট্রলার আটকে চাঁদা দাবী করে। তবে এদের মধ্যে অধিকাংশ জেলে। তাদের জাল কাটা হয়েছে এমন অভিযোগে চাঁদা দাবী করে। অনেক সময় জেলেরা আমাদের কাছে এসে এসব বিষয়ে অভিযোগ করে। তখন ট্রলার ও জেলেদের মধ্যে বসে বিষয়গুলো সমাধান করা হয়।
চট্টগ্রাম ও ঢাকার মধ্যে চলাচলকারী এমভি রাব্বানা-২ লাইটার জাহাজের মাষ্টার মো. জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম-ঢাকা নৌ রুটের বেশ কয়েকটি স্থানে চাঁদা দিতে হয়। এর মধ্যে চাঁদপুরের হাইমচর, মাঝেরচর ও মতলবের ষাটনল এলাকায় চাঁদাবাজি বেশি হয়। কোন নির্দিষ্ট লোক চাঁদাবাজি করতে আসেনা। একেক সময় একেক লোক আসে। তারা জাহাজের লোকদের কাছে যখন যে পরিমাণ টাকা পায় তাই নিয়ে যায়।
খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় নৌযানে চাঁদাবাজির নেতৃত্ব দেন মৃত আব্দুল বাতেনের ছেলে রিপন সরকার ও তার ভাই নয়ন সরকার। তাদের বাড়ী মুনীগঞ্জের গজারিয়ায়। নয়ন সরকারের নামে মুন্সীগঞ্জসহ আশপাশের থানায় ৭টি ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় মামলা আছে। এসব মামলায় তিনি একাধিকবার জেল খেটেছেন। নয়নের বাড়ি মুন্সীগঞ্জ হলেও সে চাঁদপুরের মতলব উত্তর এলাকায় তার নিজস্ব বাহিনী নিয়ে অবস্থান করে।
এই বিষয়ে কথা বলার জন্য রিপন সরকারের ব্যক্তিগত মোবাইল নম্বর একাধিকবার কলা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
স্থানীয়রা আরো জানায়, উল্লোখিত এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে পিয়াস সরকারের বিরুদ্ধে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকায়। তার বিরুদ্ধেও নৌডাকাতির একাধিক মামলা আছে।
তাদের এই ধরণের কাজে সহযোগিতা করেন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানির সোবহান সরকার সোবা এবং একই এলাকার খোরশেদ আলম।
এছাড়া মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে অস্ত্রসহ নৌযানে ডাকাতির অভিযোগ রয়েছে এখলাছপুর ইউনিয়নের চরকাশিম এলাকার গফুর বাদশা, ছিদ্দিক বকাউল, সুমন বেপারীর বিরুদ্ধে। তারাও দীর্ঘ বছর ওই এলাকায় পদ্মা-মেঘনায় নৌযানে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, আমি এই ফাঁড়িতে দেড় মাসে আগে যোগদান করেছি। বিগত দিনের চাঁদাবাজি কিংবা ডাকাতির তথ্য আমার কাছে নেই। তবে চলতি মাসের ১ তারিখে নৌযানে ডাকাতির সময় মেঘনা নদীর চরউমেদ নামক স্থান থেকে ৩জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-শাহ আলম বেপারী, মোক্তার মোল্লা ও সুমন বেপারী। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা হয়েছে এবং তারা বর্তমানে চাঁদপুর কারাগারে আছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। নদী এলাকায় চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় অনেক আসামি আটক হয়েছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এসব তথ্য দিতে হলে সময় লাগবে। তবে নৌ পথের নিরাপত্তার জন্য আমাদের সার্বক্ষনিক টহল অব্যাহত আছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের গোয়েন্দা অফিসার মো. মামুন বলেন, বিগত বছরগুলোতে যেসব ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় আমাদের অভিযান হয়েছে এসব তথ্য আমাদের হেডকোয়াটারে। এ সংক্রান্ত তথ্য নিতে হলে ঢাকায় যোগাযোগ করতে হবে। তবে সর্বশেষ গত ১৯ ডিসেম্বর কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা মেঘনা নদীর মতলব উত্তরে অভিযান চালায়। এ সময় ডাকাত দল অভিযানের বিষয়টি টের পেয়ে স্পিড বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্পিড বোট এবং স্পিড বোটে থাকা একটি একনলা বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, পাঁচটি ছুরি ও দুটি মোবাইল (এন্ড্রয়েড) জব্দ করে। এই ঘটনায় চাঁদপুর নৌ থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেন, মূলত নৌপথ নিরাপদ রাখার জন্য মূল কাজটি করে নৌ পুলিশ। পাশাপাশি আমরাও কোস্টাল এরিয়ায় নিরাপত্তার জন্য কাজ করি। তবে গত কয়েকদিন আগে জাহাজে ৭ খুনের পর টহল আরো জোরদার করা হয়েছে। এছাড়াও চাঁদপুর নৌ এলাকায় নিরাপত্তা বাড়াতে কোস্টগার্ডের বহরে আরো একটি নতুন জাহাজ এই এলাকায় অবস্থান করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া