মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব : গুলিবিদ্ধ হয়ে মতলবের ১ জনসহ নিহত ২
২৪ নভেম্বর, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব : গুলিবিদ্ধ হয়ে মতলবের ১ জনসহ নিহত ২

অনলাইন ডেস্ক
৩১-০১-২০২৫ ০১:৪২ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব : গুলিবিদ্ধ হয়ে মতলবের ১ জনসহ নিহত ২
মুন্সীগঞ্জের সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনীর সদস্যদের ও নৌ পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো হয়েছে একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জ ও চাঁদপুরের মোহনপুর সীমানাধীন মেঘনা নদীর চর আব্দুল্লাহপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ-মোহনপুর সীমানাধীন চর বাংলাবাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় ২৫ থেকে ২৬টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে কিবরিয়া মিজির অবৈধ বালু মহালের সাথেই ড্রেজার বসাতে গেলে কিবরিয়া মিজির লোক সশস্ত্র সদস্য জনি, জসিম দেওয়ান, মিছির বেপারী ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করে গুলি শুরু করে। এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আইয়ুব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকার পাঠানো হয়েছে।

নিহত রিফাত (২৬) মতলব উত্তরের বাসিন্দা ও রাসেল ফকির (২৮) মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচন গ্রামের আলম ফকিরের ছেলে। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানিয়েছেন, রাত ৮ টার দিকেই তিনজন গুলিবিদ্ধ অবস্থায় আসে। এর মধ্যে দুজন নিহত হয়েছেন, আরেকজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, রিফাত এবং রাসেল নামে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ধারণা করা হচ্ছে, বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বেই এই ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থাগ্রহণ করবো।


অনলাইন ডেস্ক ৩১-০১-২০২৫ ০১:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 135 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া