শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৩-২০২৫ ০২:৪২ অপরাহ্ন |
সোমবার (৩ মার্চ ) সকাল থেকে চাঁদপুর শহরের বড়ো পাইকারি ও খুচরা বাজার যথাক্রমে পুরাণবাজার ও পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
এ সময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সঙ্কট, মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখাসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানের সময় দেখা যায়, বাজারের বেশ কিছু মুদি দোকানি ভোজ্যতেল ক্রেতাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদ রেখেছে। পরে দোকানের গোডাউন থেকে সেসব পণ্য উদ্ধার করে জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।
এছাড়াও বিশেষ টাস্কফোর্সের সদস্যরা খেজুর, কলা, তরমুজসহ কাঁচা বাজারগুলোতেও অভিযান পরিচালনা করেন। সেসব দোকানিকে বাজারে অস্থিতিশীল পরিবেশ ও কৃত্রিম সঙ্কট না করার জন্যে কঠোর সতর্ক করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় তার জন্যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমাদের এই অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজকে অভিযান পরিচালনা করে কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্য তেলের সঙ্কটসহ পণ্যের মূল্য বেশি রাখার অপরাধে কৃষি পণ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, মো. মাসুদ রানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া