ফরিদগঞ্জে অর্থ আত্মসাতে বেপরোয়া ইউনিয়ন অফিসের হিসাব সহকারী ইউনুছ
২৮ মে, ২০২৬ ০৬:৪৫ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে অর্থ আত্মসাতে বেপরোয়া ইউনিয়ন অফিসের হিসাব সহকারী ইউনুছ

অনলাইন ডেস্ক
১৮-০৩-২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে অর্থ আত্মসাতে বেপরোয়া ইউনিয়ন অফিসের হিসাব সহকারী ইউনুছ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইউনুছ তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, পরিবারের লোকজনের নামে প্রকল্প বাস্তবায়ন, চাল বিতরণে অনিয়মসহ নানান অভিযোগ উঠেছে।

নিজ ইউনিয়নেই চাকুরী করে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। গতকাল রবিবার (১৬ মার্চ) ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় তিনি নিজের ভাইয়ের নামে ৬ টি কার্ডে মোট ৬০ কেজি চাল আত্নসাত করেন।

স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ইউনুস তালুকদার ৬টি কার্ডে তার ছোট ভাই সৌদি প্রবাসী হাবিব তালুকদারের স্ত্রী আসমা আক্তারকে ৬০ কেজি চাউল দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের সচিব মো. ইউসুফ বলেন, 'সে স্থানীয় হওয়াতে তার ইচ্ছেমত কাজ করতো। আমাদের কথা শুনতো না। নিয়ম ও দুর্নীতির বিষয়ে আমরা প্রতিবাদ করলেও তার স্থানীয় আধিপত্য ও রোশানলের শিকার হতে হতো। বিষয়টি কয়েকবার উপজেলা অফিসে জানিয়েছি। চাল বিতরণে অনিয়মের বিষয়টিও নিয়ম বহির্ভূত'।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া বলেন, 'বিষয়টি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে সরকারি চাকরি বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নিবো'।

এই বিষয়ে অভিযুক্ত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইউনুস তালুকদার বলেন, 'কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। রোজার মাস তাই ছোট ভাইয়ের বউ ও তার মায়ের কার্ডসহ ৬ টি কার্ড নিয়ে এসেছে'।

এসময় বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির কথা বললে, তিনি বলেন, 'সব চেয়ারম্যান জানে'।

জানা যায়, ইউনুস তালুকদার পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাছিয়াখালী গ্রামের মরহুম লোকমান তালুকদারের ছেলে। ছাত্রজীবনে ইউনুছ ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হক ভুঁইয়া গ্রুপের উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব রহমানের সাথে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। বিভিন্ন মিছিল-মিটিংয়ে সামনের সারিতে ছিল তার সক্রিয় অবস্থান। গেলো ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমানের আশীর্বাদে ২০২২ সালে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরীতে যোগদান করেন ইউনুস। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলেন তিনি।

ইউনিয়ন সচিবের সাইন নকল করে চেক জ্বালিয়াতি, বিভিন্ন সেবার নামে অর্থ আদায়, ইউডিসির উদ্যোক্তাকে জিম্মি করে নিজে ইউনিয়ন পরিষদে বসেই পাসপোর্ট, এনআইডি, বিভিন্ন নিয়োগের আবেদন, জন্মনিবন্ধনসহ নানান অবৈধ মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি।

শুধু তাই নয়, নিজের প্রভাবকে কাজে লাগিয়ে পরিবারের বিভিন্ন লোকজনের নামে বিভিন্ন সময়ে প্রকল্প এনে অর্থ আত্মসাৎ করেন ইউনুস। ৪০ দিনের কর্মসূচির প্রকল্পে নামে-বেনামে বিকাশ নাম্বার দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

এছাড়াও, নিজের স্ত্রী সিমা আক্তারের নামে বাগিয়ে নেন মহিলা সমাজসেবা অধিদপ্তরেন চুক্তিভিত্তিক চাকুরি। চুক্তির মেয়াদ বহু আগে শেষ হলেও ইউনুসের স্ত্রী এখনো রয়েছেন বহাল তবিয়তে। ১৬ তম গ্রেডে ৯৩০০ টাকা বেতন স্কেলে চাকুরী করেও ইউনুসের বহুতল ভবনের আলিশান বাড়ি নির্মাণের বিষয়টিও রয়েছে স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে।


অনলাইন ডেস্ক ১৮-০৩-২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া