চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ শোভাযাত্রা
২৫ মে, ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন

  

চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ শোভাযাত্রা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৪-২০২৫ ০১:২৫ অপরাহ্ন
চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ শোভাযাত্রা
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দেশের অন্যতম জাটকার অভয়াশ্রম এলাকা চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ শোভাযাত্রা বের করা হয়।

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্য নিয়ে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা অংশ নেন।

আলোচনা সভা ও নৌ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আপনাদের বাড়িতে যদি আপনাদের সন্তানেরা নিরাপদ না থাকে, তাহলে ইলিশের পোনা জাটকা তার বাড়িতে নিরাপদ নয়। কারণ, আপনারা যত্রতত্র জাটকা মারছেন ও ধরছেন। যেই বাড়িতে তার সন্তান নিরাপদ নয়, তা কেমন বাড়ি। চলুন আমরা সত্য বলি ও শপথ করি আর জাটকা ধরব না। আপনি যদি একটা অপরাধ করেন, তখন একটা অপরাধ ঢাকার জন্য আরও ১০টি মিথ্যা কথা বলতে হয়। জাটকা ধরলে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন।’

মোহসীন উদ্দিন আরও বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের বলব, জেলেদের চাল কম দেওয়ার বিষয়ে আর একটি অভিযোগ শুনলে আমরা আপনাদের পুলিশে দেব।’

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার ও দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। সংরক্ষণ সপ্তাহ সফল হলে এসব জাটকা ইলিশে রূপান্তর করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৪-২০২৫ ০১:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 160 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া