চাঁদপুরে পৌর টোল বন্ধসহ তিন দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ
২৫ মে, ২০২৬ ০৩:২০ অপরাহ্ন

  

চাঁদপুরে পৌর টোল বন্ধসহ তিন দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০৪-২০২৫ ০৯:১৭ অপরাহ্ন
চাঁদপুরে পৌর টোল বন্ধসহ তিন দফা দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ
চাঁদপুরে তিন দফা দাবিতে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনকারীদের দাবি, স্থায়ী স্ট্যান্ডের বাইরে টোল আদায় বন্ধ, অনুমোদিত পাঁচটি স্ট্যান্ড মালিক ও শ্রমিক সংগঠনের কাছে বুঝিয়ে দেওয়া এবং এসব স্ট্যান্ডে যাত্রী ছাউনি ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ। সেই সঙ্গে পৌর টোল ফি কমানোরও দাবি জানান তাঁরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি কাজী ওমর ফারুক। বক্তব্য দেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন হোসেন, মালিক সমিতির সহসভাপতি মঞ্জুর হোসেন, সদর উপজেলা মালিক সমিতির সভাপতি নয়ন মিজি, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মনির হোসেন, সদস্যসচিব খোকন ফরাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জু খান ও ওয়্যারলেস স্ট্যান্ড কমিটির সভাপতি রহমান ব্যাপারী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এর আগে গত মঙ্গলবারও একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন চালক ও মালিকেরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট চাঁদপুর সড়ক বিভাগের ইসলামপুর গাছতলা সেতুর টোল আদায় বন্ধ করে দেয় এই পথে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকরা। এখন পর্যন্ত সেই সেতুর টোল ফ্রি অবস্থায় রয়েছে। সেই সাথে চাঁদপুর পৌর এলাকার যানবাহনের টোল দেয়াও বন্ধ করে দেয় সিএনজি ও অটোবাইক চালকগণ।

কিন্তু ১৪৩২ নতুন বাংলা সনের পয়লা বৈশাখ থেকে চাঁদপুর পৌরসভা কর্তৃক ইজারা প্রাপ্তরা বিভিন্ন যানবাহন থেকে রসিদের মাধ্যমে টোল আদায় শুরু করে। এতে সিএনজি অটোরিক্সা এবং অটোবাইক মালিক- চালকবৃন্দ ক্ষুব্ধ হয়ে উঠেন। প্রতিবাদে তারা এর আগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার তারা পুনরায় রাস্তায় নেমে এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০৪-২০২৫ ০৯:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 101 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া