ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব ও মুক্তিপণ দাবি
২৬ মে, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব ও মুক্তিপণ দাবি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০১-০৫-২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব ও মুক্তিপণ দাবি

ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে সেই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে অপর বন্ধু। এতে রাজি না হওয়ায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বন্ধুর কাছে। কিন্তু পুলিশের তৎপরতায় কোনো ইচ্ছাই পূরণ হয়নি অপহরণকারীর। অপহৃতকে উদ্ধারে ৯৯৯ ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন (২৬)কে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির (৩০)কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বুধবার (৩০ এপ্রিল) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে শামীমের বাড়িতে হুমায়ুনের অবাধ যাতায়াত ছিল। এই সুযোগে শামীমের সুন্দরী স্ত্রীর ওপর কুনজর পড়ে বন্ধু হুমায়ুনের। তার ভেতর খারাপ চিন্তা কাজ করে।

হুমায়ুন ফাঁদ পেতে শামীমকে মঙ্গলবার (২৯ এপ্রিল) অপহরণ করে তার আলোনিয়া গুদারাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। পরে স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিগ্বিদিক ছোটাছুটি করছিল। এরই মধ্যে ওই রাতেই হুমায়ুন শামীমের বাড়িতে এসে কথার এক পর্যায়ে স্বামীকে ফিরে পেতে সাদিয়াকে শর্ত হিসেবে তার সাথে রাত্রি যাপনের প্রস্তাব দেয়। কিন্তু সাদিয়া তা প্রত্যাখ্যান করায় সে কৌশলে বোল পাল্টে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে বুধবার সকাল পর্যন্ত স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে। পরে তার তথ্য অনুযায়ী তার দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসকরা। অভিযুক্ত হুমায়ুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আ. মালেক জানান, হুমায়ুনসহ এলাকার একটি চক্র এই এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। পুলিশ জানায়, হুমায়ুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, জরুরি সেবা ৯৯৯-এর কলের ভিত্তিতে ভিকটিম শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ব আলোনিয়ার লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানায়, এই এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে চুরিসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমছে না। কাছেই লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা প্রয়োজন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০১-০৫-২০২৫ ১২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া