শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
১৯ মে, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৫-২০২৫ ০৬:২৭ অপরাহ্ন
শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।

আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র–জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাদের নিয়ে আজ সকাল ৯টায় পুনরায় যোগ দিতে কলেজে আসেন।

পরে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।

আহত শিক্ষক আবু সাঈদ বিজয় বলেন, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’

এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, ‘আমি যোগ দিতে এসে উপাধ্যক্ষকে পাইনি। ৫ আগস্টের আগে থেকেই উপাধ্যক্ষ বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছেন। তিনি উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। আমি কোনো রাজনৈতিক প্রভাব খাটাইনি।’

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৫-২০২৫ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া