শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০৫-২০২৫ ০৩:৩৭ অপরাহ্ন |
চাঁদপুরে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর অবহিতকরণ ও বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ভোক্তা অধিকার নিশ্চিত করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব আমাদের দেশেও পড়েছে। এই অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিমুনাফা অর্জনের অপচেষ্টা চালাচ্ছে, যা সরাসরি ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “আমাদের কৃষকরা দিনরাত পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন, কিন্তু মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। অথচ সেই পণ্যই শহরে এসে অনেকগুণ দামে বিক্রি হচ্ছে। এতে কৃষক যেমন হতাশ হচ্ছে, তেমনি ভোক্তাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য দরকার সামাজিক সচেতনতা, ব্যবসায়িক নৈতিকতা এবং প্রশাসনের সঠিক নজরদারি।”
জেলা প্রশাসক জানান, “চাঁদপুরে আমরা নিয়মিত বাজার মনিটরিং করি, মোবাইল কোর্ট পরিচালনা করি এবং গণমাধ্যমের সহায়তায় জনগণকে সচেতন করার চেষ্টা করছি। তবে এ প্রচেষ্টায় আরও গতি আনতে ব্যবসায়ী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”
সেমিনারে উপস্থিত ছিলেন: নাহিদ ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয় চাঁদপুর, মোঃ খাইরুল কবির, সহকারী পুলিশ সুপার (এএসপি), মতলব সার্কেল চাঁদপুর, মোঃ মাসুদ রানা, কৃষি বিপণন কর্মকর্তা, চাঁদপুর, মোঃ রুহুল আমিন বাশীর, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর, তপন ব্যাপারী, জেলা তথ্য অফিসার, চাঁদপুর, মোঃ আলী নূর, সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ চাঁদপুর, মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, মুহাম্মদ আরিফুল হাসান, প্রতিনিধি, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর, গোবিন্দ আগর, প্রতিনিধি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, মোঃ মোশারফ হোসেন, অধ্যক্ষ, বাবুরাহাট স্কুল এন্ড কলেজ ও সাধারণ সম্পাদক, ক্যাব চাঁদপুর, মোঃ নুরুল আলম, সভাপতি, রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর, মোঃ দুলাল কাজী, সাধারণ সম্পাদক, কাঁচামাল ব্যবসায়ী সমিতি, পুরান বাজার, বিএম হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, জেলা বেকারি কনফেশনারী মালিক সমিতি চাঁদপুর, অ্যাডভোকেট মোঃ শাহালম ফরাজী, সভাপতি, চাঁদপুর লিগ্যাল এইড ফাউন্ডেশন, এস এম হারুন আবেদন, সভাপতি, বেকারি মালিক সমিতি চাঁদপুর, মোঃ মাহবুব আলম, প্রতিনিধি, চাঁদপুর জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন, মোঃ নাজমুল আলম পাটোয়ারী, পরিচালক, চাঁদপুর চেম্বার অফ কমার্স।
এছাড়াও সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্যাব সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া