শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৫-০৬-২০২৫ ০২:৩৫ অপরাহ্ন |
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি অফিসের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এম আর ইসলাম বাবু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন— “বর্তমানে দেশের শহর, নদ-নদী ও খালবিল থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত প্লাস্টিক দূষণের ছাপ স্পষ্ট। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক পণ্যের সঠিকভাবে নিষ্পত্তি না হওয়ার কারণে তা পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতি করছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, মাটি ও পানির গুণগত মান নষ্ট হচ্ছে, এমনকি মানুষের স্বাস্থ্যের ওপরও ভয়াবহ প্রভাব ফেলছে।
চাঁদপুর একটি নদীবন্দরনির্ভর শহর, যেখানে মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে গড়ে ওঠা জনবসতি ও বাজারগুলো পরিবেশগত দিক থেকে খুবই স্পর্শকাতর। বিশেষ করে পুরানবাজার, বড়স্টেশন মোলহেড, নতুন বাজার, লঞ্চঘাট ও মাছঘাট এলাকাগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, যা সরাসরি পানি দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমাদের ঐতিহ্যবাহী ইলিশ সম্পদ রক্ষা করতেও নদীর স্বচ্ছতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীতে জমে থাকা প্লাস্টিক বর্জ্য শুধু জলজ প্রাণীর জন্য নয়, চাঁদপুরের অর্থনীতির জন্যও হুমকি।
শহরের বিভিন্ন নালা ও ড্রেন প্লাস্টিকের কারণে বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে। আমরা ইতোমধ্যে স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, হাটবাজারে মাইকিং, ‘না বলুন পলিথিনে’ ক্যাম্পেইন, এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। এই দিবস উপলক্ষে আমরা পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি এবং চাঁদপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি, যাতে তারা শুরু থেকেই পরিবেশ সচেতন নাগরিক হয়ে গড়ে ওঠে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মিলে চাঁদপুরকে একটি পরিবেশবান্ধব নদীবন্দর শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নিজের দায়িত্ব নিজে বুঝে কাজ করা। তাহলেই এই দূষণমুক্ত, সবুজ-স্বচ্ছ চাঁদপুর এবং স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁদপুরের পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম চাঁদপুর পৌরসভার প্রশাসক জনাব মোঃ গোলাম জাকারিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আবু তাহের পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জহুরুল ইসলাম
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ এরশাদ উদ্দিন।
আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশবান্ধব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া