এইচএসসি পরীক্ষা শুরু আজ, চাঁদপুরে ৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮ হাজার
০১ জুন, ২০২৬ ০৮:১০ অপরাহ্ন

  

এইচএসসি পরীক্ষা শুরু আজ, চাঁদপুরে ৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮ হাজার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৬-০৬-২০২৫ ০৯:০৭ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষা শুরু আজ, চাঁদপুরে ৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮ হাজার
সারাদেশের ন্যায় চাঁদপুরেও চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় ২০২৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), বিএম পরীক্ষায় মোট ৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ১৮ হাজার ২৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসি ৩১ কেন্দ্রে পরীক্ষার্থী ১৪ হাজার ৭০৭ জন, আলিম পরীক্ষায় ১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৪৯৫ জন, এইচএসসি (ভোকেশনাল) তিনটি কেন্দ্রে পরীক্ষার্থী ১৪০ জন ও এইচএসসি (বিএম) সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ৮৯৮ জন।

এ বছর পরীক্ষার্থীদের জন্যে ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষা কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করা, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করা।

এছাড়া পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হবে না। প্রতিটি অংশের উপস্থিতি পত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেয়া বাধ্যতামূলক।

এদিকে চাঁদপুরের প্রস্তুতি সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক জানিয়েছেন, সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৬-২০২৫ ০৯:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 152 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া