চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন

  

চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৩-০৭-২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন
চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি মো. কামাল মীরাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহমদ আব্দুর রকিব পিপিএম।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। কামাল রাজধানীর ডেমরার একটি কারখানায় নৈশপ্রহরীর কাজ করতেন। তদন্তে জানা যায়, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছিলেন কামাল। গত ১০ জুলাই হাবিব তাকে মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তর নিয়ে যান। কিন্তু মেয়ের দেখা না দেওয়ায় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে কামাল হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারলে হাবিব অচেতন হয়ে পড়েন। পরে তাকে মৃত ভেবে পুকুরে ফেলে রেখে কামাল পালিয়ে নারায়ণগঞ্জে চলে যান।

গত ১১ জুলাই মতলব উত্তর উপজেলার ৩ নম্বর সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে হত্যার রহস্য উন্মোচিত হয় এবং কামালকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় ক্লু-লেস হত্যাকাণ্ডের সফল তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তদন্তকারী কর্মকর্তা মো. দেলওয়ার হোসেনকে নগদ অর্থ পুরস্কারও প্রদান করেন পুলিশ সুপার।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০৭-২০২৫ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 127 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া