শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৮-২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন |
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন দৌড় এবং বিজয় র্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিলো চাঁদপুর শহরসহ জেলার সর্বত্র।
মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই-শহিদ পরিবার ও জুলাই-যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত জামিল সৈকতের অনুষ্ঠান সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা আমীর মো. বিল্লাল হোসেন মিয়াজী ও গণফোরাম চাঁদপুর জেলা সভাপতি অ্যাড. মো. সেলিম আকবর।
আরো বক্তব্য রাখেন জুলাই-যোদ্ধা নাজিম হোসেন, শহীদ সাজ্জাদ হোসেনের পিতা জসিম মিয়া, চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সাইফুর রহমান গাজী, গণ অধিকার পরিষদ চাঁদপুর জেলা আহ্বায়ক কাজী রাসেল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাঈল পাটোয়ারী, সদর উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুপ্রিয় রঞ্জন দাস, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ এবং যাদের জন্যে এই আয়োজন, জুলাই-যোদ্ধা আহতরা ও শহীদ পরিবারের সদস্যগণ এবং অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া