শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৯-২০২৫ ০৫:২৬ অপরাহ্ন |
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে চাঁদপুরে জশনে জুলুছ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত আল জামাতের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব অ.ন.ম মাসুদ হোসেন আল কাদেরী। তিনি তার বক্তব্যে বলেন, নবী করীম (সঃ)-এর আগমন মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। তিনি শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র বিশ্বের জন্যই রহমত হিসেবে এসেছিলেন। নবীর (সঃ) জীবনাচরণ, চরিত্র, সততা, ন্যায়বিচার ও দয়া-দাক্ষিণ্যের শিক্ষা গ্রহণ করলে সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস ও মাদকসহ সব অনৈতিকতা দূর হবে। আজ আমাদের প্রজন্মকে রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শ ধারণ করতে হবে এবং তাঁর দেখানো পথে জীবন গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের পরিবারে শান্তি আসবে, সমাজে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে এবং দেশে একটি কল্যাণমুখী সমাজব্যবস্থা গড়ে উঠবে।
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন কেবল আনন্দের নয়, বরং আমাদের জীবনে নবীজির সুন্নাহকে বাস্তবায়নের শপথ নেওয়ার দিন। আমরা যদি সত্যিকার অর্থে প্রিয় নবীর প্রেমে উদ্বুদ্ধ হই, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া দরবার শরীফের পীর আল্লামা রফিকুল ইসলাম, বড়কুল দরবার শরীফের পীর আল্লামা হেদায়েতুল্লাহ, দেবপুর দরবার শরীফের পীর মাওলানা নূর মোহাম্মদ আরেফিন, ইসলামী যুক্তফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক পাটোয়ারী, গাউছিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার সভাপতি প্রফেসর শাহ জামাল তালুকদার, ইসলামী যুক্তফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ আ.ন.ম মুহিবুল্লাহ ও সাংবাদিক এ.এইচ.এম আহসান উল্লাহ। এছাড়াও ইসলামী ছাত্রসেনা ও ইসলামী যুবসেনার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সঃ) বিশ্ববাসীর জন্য রহমত। যাদের অন্তরে নবীর প্রতি প্রেম ও ভালোবাসা নেই, তাদের মাঝে মানবতা কখনো স্থান পায় না।
পরে মিলাদ-কিয়াম, দোয়া ও বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া