শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-১০-২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন |
পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ সহ্য করবে না — মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাজনীতি একটি পবিত্র অঙ্গন—এখানে অসাধু ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। ইসলামী আন্দোলন এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকল ধর্ম-বর্ণ ও মতের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস, দুর্নীতি, চুরি, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হবে। কেউ না খেয়ে ঘুমাবে না, মানুষ দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আর নারীরা রাতের আঁধারে নিরাপদে চলাফেরা করতে পারবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামি জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’কে আইনি ভিত্তি দিয়ে গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর বিকল্প নেই। পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন এমন এক বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—মানুষের প্রতিটি মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্বে নিশ্চিত হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের জন্য নতুন বাংলাদেশে কোনো জায়গা থাকবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ ও জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন—জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা জামিল আহমাদ জাকির, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, মাওলানা হেলাল আহমাদ, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, মাওলানা মজিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ মিলন হোসেন, নাসরুল্লাহ বাহাদুর প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া