শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৭-১০-২০২৫ ০২:৩৬ অপরাহ্ন |
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিশেষ সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে জেলার বিভিন্ন এলাকার কেমিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, সরকার মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। লাইসেন্সবিহীন দোকান বা ভেজাল ওষুধ বিক্রেতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা স্বাধীনভাবে, বৈধভাবে ব্যবসা পরিচালনা করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
তিনি আরও বলেন, একজন ফার্মাসিস্ট মূলত তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সবসময় তাদের মর্যাদা, অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি ভেজালমুক্ত ওষুধ সরবরাহ এবং সঠিক মূল্য নিশ্চিত করতেও সমিতি সক্রিয় ভূমিকা পালন করছে।
সহকারী পরিচালক ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, কোনো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করবেন না। কোম্পানির নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া, নকল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, কিংবা অনুমোদনহীন পণ্য মজুদ—এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ও চিকিৎসা বিক্রয়বিধি মেনে চলাই আপনাদের নিরাপদ ব্যবসার নিশ্চয়তা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ পরিদর্শক মাকসুদুল হক রাতুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এ বি এম নজরুল আমিন, এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি সুভাষ চন্দ্র সাহা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনির হোসেন গাজী, সদস্য নেহাল হোসেন মজুমদার, মিজানুর রহমান, তরিকুল ইসলাম, এনামুল হক, আবু ইউসুফ তালুকদার, তপন সরকার, বিমল কান্তি সেন, আব্বাস আলী বেপারী, আবু হায়দার পাঠান, শাওন চৌধুরী, মোঃ হোসেন সর্দার, সৈয়দ হোসেন গাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কেমিস্ট বান্ধব সমিতি গঠন ও ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমিতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শের আহ্বান জানান তারা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া