শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১০-১২-২০২৫ ১২:১০ পূর্বাহ্ন |
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামী শুদ্ধতা” প্রতিপাদ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পথনাটক ও আলোচনা সভা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি—এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আজকের এ আয়োজনটির মূল উদ্দেশ্য হলো সমাজকে একটি বার্তা দেয়া। আর সেই বার্তাটি সহজ করে বলি, আমরা সুন্দর বাংলাদেশ চাই, এর বিকল্প কোনো পথ নাই। উত্তম পরিবেশ দেওয়াই হচ্ছে আগামীর প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, আজকের পথনাটক প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মূল বক্তব্যই ছিল—আমরা দেশকে ভালোবাসি এবং জীবনের চাইতেও বেশি ভালোবাসি। প্রদর্শিত পথনাটকে একটি সুন্দর বাংলাদেশ এবং ঘুনে ধরা একটি সমাজের চিত্র ফুটে উঠেছে, যা আমরা চাই না। তিনি আরও বলেন, এই প্রজন্মের যুবকরা ২৪ দেখেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলেন আমরা জিরো দারিদ্র মোচন চাই। অর্থাৎ এখানে দুঃখ-কষ্ট থাকবে না। এখানে যুবদের নিয়ে আধুনিক পৃথিবী গড়বে—যাদের লক্ষ্য একটাই, আমরা সত্যের পৃথিবী চাই।
দুর্নীতিবিরোধী শপথের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আজকের পথনাটক শুধু নাটক না, এখানে সমাজের কথা বলছে। আমাদের দাপ্তরিক জীবনের ঘুনে ধরা স্বভাবগুলোর কথা বলছে। আজকে যে দেখলেন সবুজের পতাকা, দুদক দেখলেন, যেই মাস্টারের কাহিনী দেখলেন—প্রত্যেকটি শব্দই একটি ইঙ্গিত। আজ আমরা শপথ করি—নিজেকে দুর্নীতিমুক্ত রাখবো এবং খারাপ কিছুর প্রতি সবসময় ‘না’ বলবো।
তিনি আরও বলেন, আমরা আরও বেশি উন্নত হতে চাই, শুধু একটি সুন্দর মন দরকার। আমি স্বপ্ন আরও বাড়াতে চাই, সেই স্বপ্ন দেখার শক্তি পেতে চাই। আজকের দুর্নীতি প্রতিরোধের মাহাত্ম্য সকলের হৃদয়ে ধারণ করতে হবে। কোন কিছু যদি সমাজ, দেশ ও রাষ্ট্রবিরোধী হয় তাহলে আমরা তা মানবো না।
অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বানে তিনি বলেন, সন্ধ্যার পরে সন্তান যেন ঘরের বাইরে না যায়। তাকে পড়ার টেবিলে থাকতে হবে। এটি আমার স্বার্থে নয়, এটি আপনার পরিবার এবং চাঁদপুরের স্বার্থে। আমি মনে করি, এই শিক্ষার্থীরাই শুধু বাংলাদেশ না—বিশ্ব জয় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ দুদক চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতেই মৃণাল সরকারের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে নাট্যকার শরীফ চৌধুরীর নির্দেশনায় পথনাটক প্রদর্শিত হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া