শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-১২-২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন |
নতুন প্রজন্মকে দেশপ্রেমে গড়তে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দেশাত্মবোধক চর্চার নির্দেশ... জেলা প্রশাসক- নাজমুল ইসলাম সরকারের
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক- মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়, যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম ধারণ করেই একটি সুশিক্ষিত, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
জেলা প্রশাসক আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কলেজ ও স্কুলের শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অল্প সময় হলেও দেশাত্মবোধক গান, দেশপ্রেমমূলক কবিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হকের সঞ্চালনায়:- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রবিউল হাসান, চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার এর সভাপতিত্বে :- অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন— প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এবং পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর পৌরসভা, জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, চাঁদপুর পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, চাঁদপুর গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর ও জেলা আনসার অফিস পুষ্পস্তবক অর্পণ করে। পরে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও আক্কাস আলী রেলওয়ে একাডেমি।
সবশেষে বিদ্যুৎ উন্নয়ন প্রতিরোধ বিভাগ, বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ, জাতীয় বিদ্যুৎ কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া