শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৮-১২-২০২৫ ০৪:৪৫ অপরাহ্ন |
“নীরব সৈনিক প্রবাসীরাই উন্নয়নের মূল চালিকাশক্তি”...(ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিসিডিএ’ চাঁদপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না, তারা দেশের অর্থনীতি ও উন্নয়নের অগ্রযাত্রায় নীরব সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে বেগবান করছে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষা জ্ঞান উন্নয়ন ও সচেতনতা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব। দক্ষ জনশক্তিই পারে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রতারণা ও হয়রানির ঝুঁকি কমাতে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার সাদিয়া শামীমের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল- খায়রুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমা, সিসিডিএ’র চাঁদপুর জেলা সমন্বয়কারী- মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা -জামাল হোসেন মোল্লা, শাহজালাল মোল্লা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে :- দিবসটি উপলক্ষে আয়োজিত অভিবাসী মেলায় ৫টি স্টল স্থাপন করা হয়। এতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান সেন্টার ও প্রশিক্ষণ ব্যুরো অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতার চেক এবং অভিবাসন প্রত্যাশীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া