শিরোনামঃ
তন্নী জুলিয়া ১৯-১২-২০২৫ ০৯:৪৫ পূর্বাহ্ন |
সাইম পাটওয়ারী// “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে একটি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
মেলায় মোট চারটি স্টল অংশগ্রহণ করে। এগুলো হলো— চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (সিসিডিএ)।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, প্রবাসীরা বিদেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।
তাঁদের পাঠানো রেমিটেন্সেই দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে।
প্রবাসীদের প্রতি কোনো ধরনের অবিচার হলে তা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশে গেলে প্রবাসীরা নানাভাবে শোষণের শিকার হন এবং এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তাই সবাইকে বৈধ পথে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি।
এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সুযোগ গ্রহণ করার পরামর্শ দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাঁদের ত্যাগের মূল্য বুঝে আইন মেনে দেশ গড়তে হবে। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সফিকুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, সিসিডিএ’র জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা ও শাহজালাল মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে হাসানের মাঠ থেকে একটি র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া