শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-১২-২০২৫ ০৩:১০ অপরাহ্ন |
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় মো. খোকন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সময় খোকন পুলিশের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন। এসময় খোকন তার শরীরে থাকা নির্যাতনের চিহ্নগুলো ম্যাজিস্ট্রেটকে দেখান।
ফরিদগঞ্জ আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ তাৎক্ষণিকভাবে আসামির শরীর পরীক্ষা করে নির্যাতনের অভিযোগ লিপিবদ্ধ করেন। আদালত লক্ষ্য করেন যে, গ্রেপ্তারের সময় পুলিশের দেওয়া ফরওয়ার্ডিং রিপোর্টে আসামির শরীরে কোনো জখমের কথা উল্লেখ ছিল না। ফলে এটি হেফাজতে নির্যাতনের প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণ করে আদালত সাত দিনের মধ্যে মামলা করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গত ১৭ ডিসেম্বর চাঁদপুর সদর হাসপাতালে খোকনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. রানা সাহা ও ডা. আসিবুল হাসান চৌধুরীর দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, খোকনের দুই পায়ের ঊরুর ওপর একাধিক ‘নীলাফুলা’ জখম রয়েছে, যা শারীরিক নির্যাতনের স্পষ্ট ইঙ্গিত দেয়। পুলিশ এই ঘটনার তদন্তের জন্য আদালতের কাছে ১৫ দিনের সময় চেয়ে আবেদন করলেও ম্যাজিস্ট্রেট তা নাকচ করে দেন। আদালত ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ অনুযায়ী দ্রুত মামলা করার আগের আদেশ বহাল রাখেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আদালতের কঠোর নির্দেশের পর গত ২৭ ডিসেম্বর অজ্ঞাতনামা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) আরিফ ইফতেখারকে। মামলার বাদী মো. খোকন বর্তমানে ডাকাতি মামলায় কারাগারে রয়েছেন। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেন, "আদালতের নির্দেশ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।" উল্লেখ্য, মামলার বাদী মো. খোকন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি এলাকার বাসিন্দা। পুলিশের বিরুদ্ধে এমন সরাসরি আইনি পদক্ষেপে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া