শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০১-২০২৬ ১২:০৯ অপরাহ্ন |
চাঁদপুরে গত তিন দিন ধরে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়েছে। কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে শীতের এই তীব্রতা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে শহরের ভাসমান ও ফুটপাতের ব্যবসায়ীদের জন্য। তীব্র শীত থেকে বাঁচতে গরম কাপড় কিনতে শহরের ফুটপাতগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়।
শহরের চৌধুরীঘাট, শহীদ মিনার প্রাঙ্গণ ও আসান আলী মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, ভ্যান ও অস্থায়ী দোকানে শীতের পোশাকের রমরমা বেচাকেনা চলছে। বড়দের সোয়েটার, জ্যাকেট ও শালের পাশাপাশি শিশুদের রঙিন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
ফুটপাতে কেনাকাটা করতে আসা নাজমুল হোসেন জানান, মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য ফুটপাতই ভরসা। এখানে অল্প দামে ভালো মানের পোশাক পাওয়া যায়। বিশেষ করে পরিবারের সবার জন্য একসঙ্গে কেনাকাটা করতে সুবিধা হয়।
বিক্রেতারা জানিয়েছেন, কয়েকদিন আগেও বিক্রি ছিল সামান্য, কিন্তু শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা কয়েকগুণ বেড়েছে। বিক্রেতা আলাউদ্দিন বলেন, "শীত বাড়ায় সন্ধ্যা হওয়ার আগেই অনেক মাল বিক্রি হয়ে যাচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।"
শীতের এই আমেজ শহরজুড়ে কেনাকাটার ধুম ফেলে দিয়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া