চাঁদপুরে লুব্রিকেন্ট ও পার্টস দোকানে ২ লাখ টাকা জরিমানা
২৫ মে, ২০২৬ ০৬:২৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরে লুব্রিকেন্ট ও পার্টস দোকানে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৫-০১-২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
চাঁদপুরে লুব্রিকেন্ট ও পার্টস দোকানে ২ লাখ টাকা জরিমানা
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) শহরের স্টেডিয়াম রোড এলাকাসহ বিভিন্ন স্থানে এলপিজি গ্যাসের বাজার মনিটরিং ও জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে শহরের স্টেডিয়াম রোড এলাকায় ‘আলম ব্রাদার্স’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এসময় দোকানটিতে বিক্রির জন্য সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ মবিল (লুব্রিকেন্ট) এবং মোটরসাইকেলের পার্টসে নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার প্রমাণ পায় অভিযানকারী দল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। জব্দকৃত নকল স্টিকার ও মেয়াদোত্তীর্ণ মবিল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

লুব্রিকেন্ট শপের পাশাপাশি এদিন চাঁদপুরের বিভিন্ন এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানেও অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলার যৌথ বাহিনীর একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, "ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৫-০১-২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া