শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০৭-০১-২০২৬ ১২:১৮ অপরাহ্ন |
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছেন রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রী। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী 'আইডি এন্টারপ্রাইজ'-এর একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকা নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মুন্সী বাড়ির মো. সামছুল হুদার মেয়ে। কলেজের শিক্ষকরা জানান, শান্তা অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষী চালকের শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তার সহপাঠী ও শিক্ষকরা এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং ঘাতক বাসের চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া