কালভার্ট ভেঙে ঠিকাদার উধাও, দেড় বছর ধরে অবরুদ্ধ ১৯ ভূমিহীন পরিবার
২৫ মে, ২০২৬ ০৬:২০ পূর্বাহ্ন

  

কালভার্ট ভেঙে ঠিকাদার উধাও, দেড় বছর ধরে অবরুদ্ধ ১৯ ভূমিহীন পরিবার

অনলাইন ডেস্ক
০৮-০১-২০২৬ ০৪:০২ অপরাহ্ন
কালভার্ট ভেঙে ঠিকাদার উধাও, দেড় বছর ধরে অবরুদ্ধ ১৯ ভূমিহীন পরিবার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাল খননের সময় একটি কালভার্ট ভেঙে ফেলে তা পুনর্নির্মাণ না করায় দেড় বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের ১৯টি পরিবার। চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় নারী, শিশু ও বৃদ্ধদের জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে হচ্ছে।

 
 
 

জানা যায়, ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা ও পালালোকদি গ্রামের মধ্যবর্তী স্থানে ১৯টি পরিবারকে পাকা ঘর বরাদ্দ দেয়া হয়। প্রকল্প এলাকায় যাতায়াতের একমাত্র সড়কটি গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের দিকে, যেখানে পানি উন্নয়ন বোর্ডের একটি খাল রয়েছে। শুরুতে খালের ওপর একটি কালভার্ট থাকলেও প্রায় দেড় বছর আগে খাল খননের সময় ঠিকাদার সেটি ভেঙে ফেলে।

 

খনন শেষে নতুন কালভার্ট নির্মাণের আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি। গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, খাল পারাপারের জন্য ঝুঁকিপূর্ণভাবে একটি তালগাছ ফেলে রাখা হয়েছে। পাশে পড়ে আছে পুরনো কালভার্টের ভাঙা অংশ। এভাবেই প্রতিদিন বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোফাজ্জল হোসেন খান জানান, কালভার্ট ভাঙার পর থেকেই চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। খাল পার হতে গিয়ে তার স্ত্রী সেফালী বেগম পড়ে পা ভেঙে ফেলেন, যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। আকলিমা বেগম বলেন, ছোট শিশুদের নিয়ে খাল পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। কবির হোসেনসহ একাধিক বাসিন্দা জানান, ইতোমধ্যে কয়েকজন খাল পার হতে গিয়ে আহত হয়েছেন।

দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অবিলম্বে একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


অনলাইন ডেস্ক ০৮-০১-২০২৬ ০৪:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া