শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০৯-০১-২০২৬ ০৩:০৪ অপরাহ্ন |
প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকটে জর্জরিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)। শিক্ষক ও জনবল সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে তীব্র আবাসন সংকট। তিন মাস আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে হল ব্যবহারের প্রশাসনিক অনুমোদন মিললেও বাজেট সংকটে ঝুলে আছে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। তবে সব জট কাটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হলে তোলার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. পেয়ার আহমেদ।
গতকাল (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে উপাচার্য জানান, ইউজিসি হল ব্যবহারের অনুমতি দিলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এখনো দেয়নি। তিনি বলেন, "একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র—বিছানা, পড়ার টেবিল ও চেয়ারসহ আনুষঙ্গিক সামগ্রী কিনতে জনপ্রতি প্রায় ৩২ হাজার টাকা প্রয়োজন। বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থীর জন্য শুধু আসবাবপত্র বাবদই প্রায় ৫৭ লাখ টাকা প্রয়োজন, যার বাজেট এখনো হাতে আসেনি।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি বিভাগের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে প্রায় সাড়ে তিন হাজার স্কয়ার ফিট জায়গার প্রয়োজন। আসবাবপত্র কেনার টাকা না থাকায় এতদিন শিক্ষার্থীদের হলে তোলা সম্ভব হয়নি। তবে উপাচার্য আশ্বস্ত করেছেন যে, বরাদ্দ না এলেও বিকল্প কোনো ব্যবস্থা করে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হলে উঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবেন।
হল চালুর প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষকদের একটি পক্ষ মনে করছে, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আপাতত আসবাবপত্র ছাড়াই তাদের হলে ওঠার অনুমতি দেওয়া উচিত, যা পরবর্তীতে কর্তৃপক্ষ ধাপে ধাপে সমন্বয় করবে। অন্যদিকে, অপর একটি পক্ষ নিরাপত্তা ও পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধার অভাবের কথা উল্লেখ করে বরাদ্দ পাওয়ার আগে শিক্ষার্থীদের হলে তোলার বিপক্ষে মত দিয়েছেন। শিক্ষকদের এই দ্বিধাবিভক্ত অবস্থানের কারণে সিদ্ধান্ত নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
হল কার্যক্রম এখনো শুরু না হলেও প্রভোস্টদের ভাতা প্রদান নিয়ে উঠেছে প্রশ্ন। বর্তমানে দুই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বরত প্রিন্স মাহমুদ এবং খাদিজা খাতুন টুম্পার পেছনে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা বাবদ সরকারের অর্থ ব্যয় হচ্ছে। হল কার্যকর হওয়ার আগেই এই ভাতা প্রদান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা দিয়েছে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই শিক্ষার্থীরা মাথার ওপর ছাদ পাবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া