হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
১০ জুলাই, ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন

  

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০১-২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন
হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, বেশ কিছু নামি-দামি হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পঁচা-বাসী খাবার সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, এই অপরাধে হাজী সুইটসকে ৫০,০০০ টাকা, নবাবী হোটেলকে ১৫,০০০ টাকা এবং রিজিক হোটেলকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ সস ব্যবহার করার দায়ে খাওয়া দাওয়া হোটেলকে ৩০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন করার দায়ে স্থানীয় স্বাস্থ্যসেবা ও ঔষধ বিক্রয় কেন্দ্রগুলোতেও অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়: মিডওয়ে ফার্মেসী: মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ১০,০০০ টাকা জরিমানা।

হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল: সরকার নির্ধারিত ফি-র চেয়ে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ৮,০০০ টাকা জরিমানা।

দেশ ফার্মেসী: মিথ্যা ‘ডক্টর’ পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, "জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম নিয়মিত চলবে। আজ জরিমানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।"

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি চৌকস টিম সার্বিক সহায়তা প্রদান করে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০১-২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া