শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০১-২০২৬ ০৯:১৭ অপরাহ্ন |
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে তৈরি হবে ভবিষ্যৎ ক্রীড়াবিদ— জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার
চাঁদপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চাঁদপুর জেলা-এর আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকাল ৯টা ৩০ মিনিটে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার।
তিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জীবন গঠনের একটি অপরিহার্য অংশ। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবে দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিশু-কিশোরদের সময়ানুবর্তিতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা তৈরি করে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠমুখী শিক্ষার্থীরাই আগামী দিনের সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। তাই শুধু ভালো ফলাফলের দিকে নয়, সন্তানদের সার্বিক বিকাশের দিকেও আমাদের সমান গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবান্ধব ও ক্রীড়াবান্ধব সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উসমানিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগ এর শিক্ষক- এম আর ইসলাম বাবু এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)- মো: খায়রুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)- নাজমুন নাহার, সহকারী কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা)- সুমাইয়া ফারজানা হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার- মোহাম্মদ রুহুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া