শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০১-২০২৬ ০৭:০৫ অপরাহ্ন |
চাঁদপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘আপন’-এর উদ্যোগে অর্ধশতাধিক রিকশাচালক ও শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে রিকশাচালকদের জন্য উন্নত মানের ভারী কাপড়ের হুডি এবং শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, ‘আপন’-এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ফরাজী, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক মহসিন ভূঁইয়া, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, "শীতের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা দরকার। ‘আপন’-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং এটি অন্য সংগঠনের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।"
তিনি আরও যোগ করেন, "আমাদের সমাজে অনেক মানুষ লোকলজ্জার ভয়ে সাহায্য চাইতে পারেন না। দুর্যোগ বা উৎসবের দিনে তাদের খোঁজ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে একটি ক্ষুধামুক্ত ও মানবিক রাষ্ট্র গড়ে তুলি।"
সভাপতির বক্তব্যে ডা. রাশেদা আক্তার বলেন, "সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। শীত উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার সামান্য চেষ্টা করেছি মাত্র। ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।"
অনুষ্ঠান শেষে অতিথিরা নিজ হাতে রিকশাচালক ও অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া