শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০১-২০২৬ ০৯:১২ অপরাহ্ন |
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন। এর মধ্যে জমা দিয়েছিলেন ৪৬ জন। যাচাই-বাছাই শেষে প্রথমে ৩০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হলেও ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে আপিল করে প্রার্থীতা ফিরে পান ১১ জন। সবশেষে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৩৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
চাঁদপুর-১ (কচুয়া) এ আসনে লড়াই করবেন ৬ জন প্রার্থী। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের আবু নসর মো. মকবুল আহমদ।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) এই আসনে সবচেয়ে বেশি ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১২ জন, যার মধ্যে ২ জন শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) এই আসনে ৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকছেন। মনোনয়নপত্র জমা দেওয়া ৯ জনের মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৮ জন। তবে এখানে দলীয় শৃঙ্খলার চাপ সামলে বিএনপির একক প্রার্থীর বিপরীতে লড়াইয়ে নেমেছেন দলটির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে ৮ জন মনোনয়নপত্র জমা দিলেও ১ জন প্রত্যাহার করেন এবং ১ জনের প্রার্থীতা বাতিল হয়।
চাঁদপুরের ৫টি আসনের মধ্যে অধিকাংশ আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ আসনে দলীয় বিদ্রোহী প্রার্থী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে চাঁদপুর-১ আসনে ১০ দলীয় জোটের শরিক দলগুলোর সমঝোতায় জামায়াত প্রার্থীর জন্য পথ ছেড়ে দিয়েছেন খেলাফত মজলিস প্রার্থী।
মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া