আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি: মাও বিল্লাল হোসেন
১১ জুন, ২০২৬ ০৭:০৭ পূর্বাহ্ন

  

আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি: মাও বিল্লাল হোসেন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৪-০১-২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি: মাও বিল্লাল হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, জেলা আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জি এফ সি একাডেমি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, যার ফলে স্থানীয় জনসাধারণের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “ফরিদগঞ্জ শুধু একটি ভৌগোলিক এলাকা নয়—এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। এ এলাকার সাধারণ মানুষের অধিকার, সম্মান ও উন্নয়ন প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করি।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা। ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” ১০ দলীয় জোটের এই প্রার্থী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা গ্রহণ করবেন।

গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, উপজেলা সেক্রেটারি শাখাওয়াত হোসেন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

অন্যান্যদের মধ্যে স্থানীয় ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), ছাত্র মজলিসসহ ১০ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৪-০১-২০২৬ ১১:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 85 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া