শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৬-০১-২০২৬ ০৭:৫৬ অপরাহ্ন |
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিগারেট কেনাবেচায় অনিয়ম এবং নকল ব্যান্ডরোল ব্যবহারের দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারি) পুরাণ বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় তাকে সহায়তা প্রদান করে যৌথ বাহিনীর একটি চৌকস টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত এই অভিযানে ‘নারায়ণ স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নোক্ত অভিযোগগুলো প্রমাণিত হয় ক্রয় ভাউচার ও ভ্যাট চালান ছাড়া অবৈধভাবে সিগারেট সংগ্রহ, বিক্রয়ের সময় গ্রাহককে পাকা ভাউচার প্রদান না করা, প্যাকেটে নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট মজুত ও বিক্রয়।
এইসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযান চলাকালীন জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেটগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে পরিদর্শন চালানো হয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাজার নিয়ন্ত্রণে এবং ভোক্তার অধিকার নিশ্চিতে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া