মতলব দক্ষিণে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

মিজানুর রহমান
২৬-০১-২০২৬ ০৪:২২ অপরাহ্ন
মতলব দক্ষিণে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
মিজানুর রহমান : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। নারায়নপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামের এসব মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়নপুর পৌরসভার নারায়নপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া, শ্যাম দাস এবং সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস, হরি দাস ও রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেন। সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নবাগতদের ফুল দিয়ে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। আমরা অঙ্গীকার করছি, শতভাগ ভোট ধানের শীষে দেব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবো। তিনি আরও বলেন, আমি ছাত্রদল ও যুবদলের রাজনীতি করেছি, এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়, এটি সব ধর্ম ও সব মানুষের দল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান সবার অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির এবং নারায়নপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিজানুর রহমান ২৬-০১-২০২৬ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 50 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া