জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় মতলবে ঝটিকা মিছিল, আটক ২
১১ জুন, ২০২৬ ০৪:৪৯ পূর্বাহ্ন

  

জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় মতলবে ঝটিকা মিছিল, আটক ২

মিজানুর রহমান
২৮-০১-২০২৬ ০২:৩১ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় মতলবে ঝটিকা মিছিল, আটক ২
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল বের করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার বাইপাস সড়কে ওই ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। আটক দুজন হলেন ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও ইমরান হোসেন ইমন (২২)। তারা দুজনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়, যাতে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম লেখা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে দুটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরে ভাঙ্গারপাড় বাইপাস সড়কে এসে ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া স্থানীয়রা মিছিলের শব্দ শুনতে পান। এ সময় স্থানীয় যুবদল কর্মী কামাল বেপারী ও শ্রমিকদল কর্মী কাইয়িম বেপারীর নেতৃত্বে এলাকাবাসী মিছিলকারীদের ধাওয়া দিলে তারা মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। তবে দুজন পালাতে ব্যর্থ হলে এলাকাবাসী তাদের আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়। আটক ইসমাইল হোসেন মেহরাজ শাহরাস্তি উপজেলার চিতষী গ্রামের কলিম উল্লাহর ছেলে এবং অপরজন কচুয়া উপজেলার আইনগিরী গ্রামের আব্দুস সালামের ছেলে ইমরান হোসেন ইমন। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য ডা. সেলিম মাহমুদের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করে ঝটিকা মিছিল বের করে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় জনগণ মিছিল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, মিছিলকারীরা অন্য উপজেলার হলেও এতে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে আমাদের ধারণা। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, আটককৃতদের বিরুদ্ধে কামাল বেপারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

মিজানুর রহমান ২৮-০১-২০২৬ ০২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া